back to top

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:২৩

সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তে ভারতের অভ্যন্তরে অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে দনা সীমান্তবর্তী ১৩৩৪ নম্বর মেইন পিলারের ভারতের অভ্যন্তরে ৩০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা পাতিছড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।

স্থানীয়রা জানান, শাকিলসহ আরো দুজন রবিবার দুপুরে দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে সুপারি পাড়তে প্রবেশ করেন।

এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের ওপর গুলি করলে শাকিল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ শাকিলকে তার সহযোগীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি পথে মারা যান।

দনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত শাকিল আহমদকে চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়ার পথে সে মারা গেছে বলে জানতে পেরেছি। তবে তার লাশ কোথায় রয়েছে এ ব্যাপারে কিছু জানা নেই।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর দনা বিজিবি ক্যাম্প থেকে জানতে পেরেছি।

তার লাশ কোথায় রয়েছে খোঁজ নিচ্ছে পুলিশ।’