back to top

গণতন্ত্র পুণরুদ্ধারে আপোষহীন ভূমিকা রেখেছেন খালেদা জিয়া: মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:৫৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন।

পাশাপাশি সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হয়ে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা এনেছেন। জাতির ক্রান্তিকালে জনগণ পুনরায় তাঁকে দেশের দায়িত্ব দিলে তিনি সে দায়িত্ব সফলভাবে পালন করেন।

পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনভাবে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন। তাঁর দ্বারা অর্জিত গণতন্ত্রের মাধ্যমেই আমরা বর্তমানে দেশ গড়ার দায়িত্ব নিয়েছি।

প্রতিমন্ত্রী আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,২১ শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সকল গণআন্দোলন প্রমাণ করেছে, এদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও অধিকার ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন।

এ জাতিকে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। ইতিহাস সাক্ষী, অন্যায়-অবিচারের বিরুদ্ধে এ দেশের মানুষ বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত অগ্রাধিকার খাত হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং খাল খনন ও সরকারি জমি পুনরুদ্ধার।

এসব এজেন্ডা বাস্তবায়নে হাটহাজারীতে দ্রুতই কাজ শুরু হবে এবং এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অঞ্চল। এ অঞ্চলের প্রাণ ফিরিয়ে আনতে প্রাকৃতিক সম্পদ ও ইকো-ট্যুরিজমের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

ভূমি ও অন্যান্য বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের পর্যটন অঞ্চলে উন্নীত করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কৃষি অফিসার মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেসক্লাব সভাপতি কিশোর কুমার বড়ুয়া প্রমূখ বক্তৃতা করেন ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি