চট্টগ্রামে নিখোঁজ গাড়িচালকের অর্ধগলিত লাশ মিলল ডোবায়

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ২০:৪৬

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে নিখোঁজ গাড়িচালক মঞ্জুর আলম (৪৬) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের প্রায় ৫দিন পর বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে ওই এলাকার একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মঞ্জুর আলম নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত ৬ মার্চ থেকে মঞ্জুর আলম নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

নিহতের শ্যালক মো. হাসান বলেন, “৬ মার্চ থেকে আমার দুলাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা থানায় জিডিও করেছি।

এখন ডোবায় তার লাশ পাওয়া গেছে। আমাদের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।”

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শুক্রবারের দিকে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি