back to top

টেরিবাজারের কে.বি. অর্কিড প্লাজায় আগুন,নিহত ২

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ০৭:১৭

সিটিজি নিউজ টুডে : ঈদের আগ মুহূর্তে চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারের কে.বি. অর্কিড প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট মার্কেটের ৪র্থ তলায় একটি টেইলার্সের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এতে আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নি:শ্বাস নিতে কষ্ট হওয়ায় আরও একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরা হলেন–চতুর্থ তলার একটি টেইলার্সের কর্মচারী পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) ও পটিয়া থানাধীন বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, সকালে মার্কেটের ৪র্থ তলার একটি টেইলার্স থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। দ্রুত সেখান থেকে অনেককে বেরিয়ে আসতে দেখা যায়।

পঞ্চম তলায় সব টেইলার্সের কারখানা। আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পারছিলেন না মোহাম্মদ ইউনূস ও সোলাইমান।

আমরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া মামুন নামে আরও একজনকে হাসপাতালে নিয়ে এসেছি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকালে ৯টা ৫৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর সকালে ১০টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে পাশের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, আগুনে আহতদের মধ্যে দুই জনকে চমেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত মোহাম্মদ মামুন নামে একজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে টেরিবাজারে অগ্নিকাণ্ডে আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নন্দনকান ফায়ার সার্ভিস জানায়, আগুনে অন্তত ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি