জাতীয় ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
গত রোববার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশে যাত্রা করেন।
বিমানবন্দর সূত্র অনুযায়ী প্রটোকল অনুসরণ করে তাঁর এই যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। ড. ইউনূসের এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ল্যামিয়া মোরশেদ।
টোকিওতে আগামী ২৪ ও ২৫ মার্চ একটি আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনটি মূলত এশিয়ায় শান্তি রক্ষা সহযোগিতা বৃদ্ধি টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
ড. ইউনূস সেখানে বিশ্বনেতা ও প্রতিনিধিদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নেবেন।
সূত্র মতে সফর শেষে আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য যে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র লন্ডন ইতালি ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছিলেন।
এর আগে ২০২৫ সালের মে মাসে তিনি একবার জাপান সফর করেছিলেন যেখানে তিনি নিক্কেই ফোরামে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই মার্চ মাসে জাপান সফরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
মূলত সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতি সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে তাঁর এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


