back to top

বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ০৯:২৩

দেশজুড়ে ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকা মূল্যের ১৮ কেজি ওজনের ১৫৩টি স্বর্ণের বার জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

বিমানবন্দর কর্তৃপক্ষ রবিবার এক বিজ্ঞপ্তিতে বলেছেন, শনিবার রাতে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শনিবার রাত ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৩৪৮) শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-২ এ অবতরণ করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটিকে অবতরণের আগে থেকেই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভসেকের সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে টয়লেটের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম; এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

জব্দ করা সোনার বারগুলো শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি