back to top

কাঁদতে কাঁদতে বাড়ি ফেরা আট বছরের শিশুর অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ০১ জুন, ২০২৬ ১৫:৩৭

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আরমান হোসেন চাতরী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ওই এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। প্রায় এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে সে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে।

পরে তার মা কারণ জানতে চাইলে শিশুটি অভিযোগ করে, খেলার সময় প্রতিবেশী আরমান হোসেন তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পাশের একটি খালি ঘরে নিয়ে যান এবং দরজা বন্ধ করে দেন।

সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় শিশুটির খেলার সঙ্গী, যিনি সম্পর্কে তার ফুফাতো ভাই, ঘরের দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করেন।

একপর্যায়ে অভিযুক্ত দরজা খুলে দিলে শিশুটি ঘর থেকে বের হয়ে আসে।

শিশুটির কান্নার শব্দ ও তার বর্ণনা শুনে মা বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জানান।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আরমান হোসেনকে আটক করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘আমার মেয়েটাকে একা পেয়ে ও (আরমান) ঘরে টেনে নিয়ে এই জঘন্য কাজ করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করেছে।

ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, জানান তিনি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি