ব্যবসায়ী শহীদুল্লাহর চলন্ত এসইউভিতে ইটপাটকেল ও গুলিবর্ষণ, অল্পের জন্য রক্ষা

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ১২:২৯

চট্টগ্রাম নগর থেকে ব্যবসায়িক কাজ শেষে নিজ গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন রাউজানের ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ। কিন্তু কে জানত, মহাসড়কের অন্ধকারের বুক চিরে তাঁর দিকে ধেয়ে আসছে আততায়ীদের গুলি!

ঘটনাটি ঘটে গতমঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায়।

ভুক্তভোগী এস এম শহীদুল্লাহ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার এস এম শফির ছেলে। রাউজানে তাঁর একাধিক ইটভাটার ব্যবসা রয়েছে।

ঘটনার সময় ব্যবসায়ী শহীদুল্লাহ নিজেই তাঁর এসইউভি (জিপ) গাড়িটি চালিয়ে চট্টগ্রাম নগর থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

গাড়িটি ইছাপুর বাজারের চারা বটতলা এলাকা অতিক্রম করতেই হুট করে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথ রোধের চেষ্টা করে।

তারা প্রথমে গাড়িটি থামাতে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। এতেও গাড়ি না থামলে চালকের আসনে থাকা শহীদুল্লাহকে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

রাতের নিস্তব্ধতায় গুলির বিকট শব্দে আশপাশের বাসিন্দারা চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত চম্পট দেয় দুর্বৃত্তরা। ফলে অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ছাড়াই প্রাণে বেঁচে যান এই ব্যবসায়ী।

প্রাণে বেঁচে যাওয়া ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, আমার ওপর সম্প্রতি আরও কয়েকবার এমন সন্ত্রাসী হামলা হয়েছে। মূলত আমার ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করেই সন্ত্রাসীরা আমাকে টার্গেট করেছে। তারা এর আগে আমার বাড়িঘরেও হামলা চালিয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, চলন্ত একটি গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি