প্রণয় থেকে পরিণয়, এরপরই নেমে আসে অন্ধকার!

পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ২২:৫১

বিয়ের ঠিক আট মাসের মাথাতেই নিভে গেল একটি নতুন জীবনের স্বপ্ন। নয় মাসের অন্তঃসত্ত্বা তানিয়া কামাল নিহাত (২০) চলে গেলেন না ফেরার দেশে।

একদিকে পরিবারে নতুন অতিথির আসার আনন্দ থাকার কথা ছিল, অন্যদিকে আজ সেখানে মাতম।

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ তুলেছে তানিয়ার পরিবার।

প্রশ্ন উঠেছে-এটি কি শারীরিক নির্যাতনের মর্মান্তিক পরিণতি, নাকি নিছক কোনো অসুস্থতা?

সোমবার (২৬ অক্টোবর) ভোরে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোনাফ হাজির পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

হাসপাতালে নেওয়ার পথেই তানিয়ার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

প্রণয় থেকে পরিণয়, এরপরই নেমে আসে অন্ধকার
পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামালের মেয়ে তানিয়া। একই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজির পাড়ার নুর উদ্দিনের সঙ্গে তাঁর চার-পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে ঘটা করে তাঁদের বিয়ে হয়। কিন্তু দীর্ঘদিনের সেই প্রেম যেন টিকল মাত্র কয়েক মাস।

পরিবারের অভিযোগ, বিয়ের সুদিনগুলো দ্রুতই ম্লান হয়ে যায়। শুরু হয় দাম্পত্য কলহ।

তানিয়ার পরিবারের দাবি, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুক ও নানা অজুহাতে তানিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী নুর উদ্দিন ও তাঁর পরিবার।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস ও মীমাংসার চেষ্টা করা হলেও পরিস্থিতির কোনো স্থায়ী উন্নতি হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে তানিয়া বিরিয়ানি খাওয়ার পর ডায়রিয়ার মতো উপসর্গের কথা তাঁর পরিবারকে জানিয়েছিলেন। এরপর হঠাৎ অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।

তবে ঘটনার পর তানিয়ার মরদেহে পাওয়া গেছে ভিন্ন এক সংকেত।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, তানিয়ার গলায় দুটি দাগ পাওয়া গেছে। মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলেই মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নুর উদ্দিনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি