তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় নৌ-পুলিশ তাঁর মরদেহটি উদ্ধার করে।
জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে রাজাবাড়ি ঘাট এলাকায় উদ্ধার অভিযান চালায় নৌ-পুলিশ। বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। এরপর মৃত্যুর সঠিক কারণ ও নেপথ্যের ঘটনা উদ্ঘাটনে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কীভাবে বা কী পরিস্থিতিতে তাহসিফ সৌরির মৃত্যু হয়েছে-তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


