জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রয়াত বাবা-মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবতা পালন করেন তিনি।
পরে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নেন। এ সময় বিএনপির শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দসহ দলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে সাত দিনের বিস্তৃত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সেই ধারাবাহিকতায় কর্মসূচির প্রথম দিন শনিবার সকালেই এই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো।
সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য ও বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এই শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্ধারিত রুট অনুযায়ী, নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।


