মিয়ানমারে পাচারের সময় আটক ৩০০ বস্তা ইউরিয়া সার: নেপথ্যে নতুন সিন্ডিকেট

ট্রাক জব্দ, চালক আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০৫

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া মোড়ে অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় ট্রাক থেকে ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার উদ্ধার করা হয়।

জব্দ করা এসব সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এর আগেও একই স্থানে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সাম্প্রতিক সময়ে মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে একটি চক্র।

এই চক্রটিকে দমনে পুলিশ তৎপর রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি