আইনজীবীর মাধ্যমে আদালত প্রাঙ্গণে জামিন পাওয়ার পরদিন সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হওয়া এবং পরীমনির অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ।
সাংবাদিক রবিউল হোসেন রাজুর সঙ্গে হওয়া এই দুর্ব্যবহারের প্রতিবাদে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপের মতো কঠোর কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, তারকাখ্যাতি থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না এবং একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এ ধরনের উদ্ধত আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন
গত ৫ নভেম্বর একটি মামলায় জামিন নিতে ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে ঢাকার আদালত প্রাঙ্গণে উপস্থিত হন চিত্রনায়িকা পরীমনি। শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় ভিড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তোলেন এই চিত্রনায়িকা। এ সময় তিনি কোনো রূপ যাচাই-বাছাই না করেই দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসেন রাজুর ওপর চড়াও হন।
অথচ ঘটনাস্থলের ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যায়, সাংবাদিক রাজু যথেষ্ট দূর থেকে পেশাগত দায়িত্ব পালন করছিলেন এবং পরীমনির নিজস্ব বডিগার্ডের ধাক্কাতেই মূলত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।
এরপরও ক্ষিপ্ত হয়ে পরীমনি সাংবাদিক রাজুর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন এবং তাকে অশ্রাব্য ভাষায় গালমন্দ ও অপমান করেন।
পরবর্তীতে মোবাইল ফিরিয়ে দেওয়া হলেও পেশাগত দায়িত্ব পালনের সময় এই হেনস্তা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের মূল কাজ হলো জনগণের সামনে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। একজন সাংবাদিককে অসম্মান করা মানে কেবল একজন ব্যক্তিকে নিগৃহীত করা নয়, বরং তা গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ ও সরাসরি আঘাত।
সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
পরীমনির এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে দেশের পুরো সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
পাশাপাশি, এ ধরনের অসদচরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপযুক্ত আইনি পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা ও সাংবাদিকরা চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ডাক দিয়ে তার ছবিতে জুতা নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


