পুয়ের্তো রিকোর মঞ্চে লাল-সবুজের দ্যুতি ছড়াচ্ছেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের ৭৫তম আসর: ভক্তদের ভোট চাইলেন মাহি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫৮

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

প্রতিযোগিতার শুরু থেকেই নিজের নজরকাড়া লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

সমুদ্রপাড়ের ফটোশুটে নজর কাড়লেন মাহি

সম্প্রতি পুয়ের্তো রিকোর সমুদ্রপাড়ের এক মনোরম লোকেশনে ফটোশুটে অংশ নেন সামিরা খান মাহি।

হলুদ রঙের ফুল স্লিভ ফ্লোর-টাচ গাউনে তাকে বেশ স্নিগ্ধ ও মার্জিত দেখাচ্ছিল। গাউনটির কোমরে ছিল চমৎকার পাথরের কারুকাজ, আর তার গায়ে শোভা পাচ্ছিল দেশের নাম খোদাই করা ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ।

এই ফটোশুটে মাহির সঙ্গে আরও চার দেশের সুন্দরীদের ফ্রেমবন্দি হতে দেখা যায়। তারা হলেন-মিসর: সোনিয়া জারজিস, হংকং: জেন ঝৌ, ভেনেজুয়েলা: ক্লারা ভেগাস গোয়েতজ ও নিউজিল্যান্ড: জর্জিয়া ওয়াডিংটোন।

সামাজিক মাধ্যমে এই ছবিগুলো প্রকাশ হওয়ার পর থেকেই দেশ ও বিদেশের ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ সাড়া পড়েছে।

দেশবাসীর কাছে ভোটিংয়ের আহ্বান

প্রতিযোগিতায় দেশের অবস্থান শক্ত করতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর পূর্ণ সমর্থন ও অফিশিয়াল ফ্যান ভোটের আহ্বান জানিয়েছেন মাহি।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই আসরের গ্র্যান্ড ফিনালে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি