পুলিশ পরিদর্শক সেজে টাকা দাবি, পুরোনো প্রতারণাচক্র নিয়ে নতুন উদ্বেগ কর্ণফুলীতে

জিডি ও তদন্ত শুরু: সিমের অবস্থান বাকলিয়ায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৯:১২

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবির অভিযোগ উঠেছে।

মসজিদ উন্নয়ন এবং থানার অবকাঠামো উন্নয়নের কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নোট নম্বর ১০০২।

জিডির তথ্য অনুযায়ী, ০১৩৫৪-১৬৪২৩১ নম্বর থেকে কর্ণফুলী থানা এলাকার বিভিন্ন ব্যক্তিকে ফোন করে নিজেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পরিচয় দেওয়া হয়। এরপর মসজিদ উন্নয়ন ও থানার অবকাঠামো উন্নয়নসহ নানা অজুহাতে অর্থ দাবি করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ১৯ নভেম্বর বিকেল ৩টা ২৫ মিনিট ৪৫ সেকেন্ডে ০১৩৫৪১৬৪২৩১ নম্বরটির অবস্থান শনাক্ত হয় চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নতুন চাক্তাইয়ের আমানত সিদ্দিক টাওয়ার এলাকায়।

একই সময়ে নম্বরটি ০১৭২৬-২৯০০৯৪ নম্বরে কথা বলেছে বলে তথ্য পাওয়া গেছে, যেটি আনোয়ারা বেগম নামে এক নারীর বলে জানা যায়।

অন্যদিকে, অভিযোগে আসা ০১৩৫৪-১৬৪২৩১ নম্বরটির নিবন্ধিত মালিক হিসেবে সোহেল নামে এক ব্যক্তির পরিচয় মিলেছে। অনুসন্ধানে তাঁর বাবার নাম মো. আয়ুব এবং মায়ের নাম ফাতেমা বেগম বলে জানা গেছে। তাঁর স্থায়ী ঠিকানা ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ইসলামপুর এলাকায়।

তবে সিমের নিবন্ধিত মালিকই সরাসরি ফোন করে প্রতারণা করেছেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি। তদন্ত ও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক জানান, অভিযোগ পাওয়ার পরপরই প্রতারণায় ব্যবহৃত নম্বরটির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি কর্ণফুলীর সর্বস্তরের মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো থানার কর্মকর্তা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও কর্ণফুলী থানার বিভিন্ন সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নাম ভাঙিয়ে প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করেছে।

এ ছাড়া বিকাশের মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

পুলিশের পরিচয় ব্যবহার করে নতুন করে অর্থ দাবির এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি