চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বড় উঠান ও শিকলবাহা এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার বড় উঠান শাহমীরপুর এলাকার মো. আইয়ুব (৩৯) এবং মো. জনি (৩০)।
কর্ণফুলী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মো. সোহেল রানা ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে শুক্রবার পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
অভিযানে বড় উঠান শাহমীরপুর এলাকা থেকে মো. আইয়ুবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। গত ১১ নভেম্বর কর্ণফুলী থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)/৮/৯/১০ ধারায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৭) তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, শিকলবাহা পটিয়া ক্রসিং এলাকার রিভার ভিউ কমিউনিটি সেন্টার থেকে মো. জনিকে আটক করে পুলিশ।
তাঁকে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০১১) নথিভুক্ত করা হয়েছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


