খাবার ঘরের পাশে পদ্মগোখরার ছোবল: বাঁচানো গেল না ২১ মাসের আব্দুল্লাহকে

বোয়ালখালীতে সন্তানহারা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১২:৪২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাপের কামড়ে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাতে সাপের দংশনের শিকার হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

পরদিন সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।

নিহত আব্দুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ার বাসিন্দা মো. ওসমান আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাচ্ছিলেন। ঠিক সে সময় পাশে থাকা ছোট্ট আব্দুল্লাহ হঠাৎ কান্না জুড়ে দেয়।

শিশুর কান্না শুনে তার মা ওয়াহিকা আলিফ সরে যাওয়া একটি সাপ দেখতে পান। মুহূর্তেই পরিবারের সদস্যরা বুঝতে পারেন কিছু একটা ঘটেছে, পরে পরীক্ষা করে আব্দুল্লাহর শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান তারা।

বিলম্ব না করে দ্রুত শিশুটিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের পর অবস্থার গুরুত্ব বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমিতা দাশ জানান, সাপের কামড়ে আক্রান্ত শিশুটিকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়। প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসকের ধারণা, শিশুটিকে পদ্মগোখরা সাপে কামড়ে থাকতে পারে।

সন্তানহারা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সকালে পারিবারিক ও স্থানীয়ভাবে শিশু আব্দুল্লাহর দাফন সম্পন্ন হয়।