মাগরিবের নামাজের পর সন্ধ্যা তখন সবে নেমেছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে নিজ কাজেই ব্যস্ত ছিলেন মো. আবছার চৌধুরী (৩২)।
আর দশটি স্বাভাবিক সন্ধ্যার মতোই চলছিল সব। কিন্তু মুহূর্তের মধ্যেই বদলে যায় দৃশ্যপট। তেমুহনী বাজারের দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী সরাসরি ঢুকে পড়ে তাঁর দোকানে।
কোনো কিছু বুঝে ওঠার আগেই আবছারকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে হামলাকারীরা।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার এই আকস্মিক হামলায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আবছার চৌধুরী। তাঁর শরীরের বিভিন্ন অংশে চার থেকে পাঁচটি গুলির জখম হয়। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
গুলিবিদ্ধ আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে। পেশায় তিনি স্থানীয় ব্যবসায়ী হলেও এলাকার মানুষের কাছে থানা-পুলিশের সোর্স হিসেবে তাঁর একটি পরিচিতি রয়েছে।
তবে ঘটনার পর পুলিশ এই পরিচিতি নাকচ করে দিয়ে জানিয়েছে, আবছার তাদের পেশাদার সোর্স নন।
রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পরও কথা বলার মতো অবস্থায় ছিলেন আবছার। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে হামলায় জড়িত হিসেবে মো. কাদের ও মো. হারেছ নামের দুজনের নাম উল্লেখ করেন তিনি।
তবে ঠিক কী কারণে এই প্রাণঘাতী হামলা চালানো হলো, কিংবা অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর কোনো পুরোনো বিরোধ ছিল কি না-তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
উদ্ধারের পর আবছারকে প্রথমে নেওয়া হয় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. মো. রাশেদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ আবছারের হাত, পা ও পেটে গুরুতর আঘাত রয়েছে।
শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়েই তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, দোকানে ঢুকে কয়েকজন অস্ত্রধারী গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আবছার পুলিশের পেশাদার সোর্স নন দাবি করে ওসি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং প্রকৃত কারণ উদ্ঘাটনসহ অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


