উচ্ছিষ্ট ভাতের সঙ্গে মেশানো মাংস ও পোড়া তেলে পচা-বাসি খাবার!

২ লাখ টাকা জরিমানা গুনল রিয়াজউদ্দিন বাজারের তিন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৬:১৭

চট্টগ্রাম নগরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র রিয়াজউদ্দিন বাজারে বাসি ও পচা খাবার সংরক্ষণ, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সার্বিক সহযোগিতা করে।খাবার

অভিযান সূত্রে জানা যায়, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে ব্যবহারের উদ্দেশ্যে শিল্পকারখানার রং বিক্রি এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে ফজল দিন ইকবাল দিন নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বিক্রির উদ্দেশে ফ্রিজে রান্না করা পচা ও বাসি খাবার সংরক্ষণের প্রমাণ মেলায় পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে হোটেলটির ফ্রিজ থেকে বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি জব্দ করা হয়।

পাশাপাশি অন্যের খাওয়ার পর প্লেট থেকে তুলে রাখা ভাতের সঙ্গে মেশানো মাংসও পাওয়া যায়। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার অনিয়ম ধরা পড়ে প্রতিষ্ঠানটিতে।

এছাড়া পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল দিয়ে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি