বিশ্বখ্যাত ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
ক্রীড়া ও সংস্কৃতির সেতুবন্ধনে বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্ব আরও দৃঢ় করা এবং চট্টগ্রামের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চসিকের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ সিটি প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে নবনিযুক্ত পরিচালককে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর মাধ্যমে কিলিয়ান এমবাপ্পের কাছে এই আমন্ত্রণ পৌঁছে দেন ডা. শাহাদাত হোসেন।
সাক্ষাতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ সিটি কর্পোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ নানা খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিস্তৃত সুযোগ রয়েছে।
তাঁর ভাষায়, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হোক-এটাই আমাদের প্রত্যাশা। কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকা চট্টগ্রামে এলে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও অনুপ্রাণিত হবে।
চট্টগ্রামে ফুটবলের জনপ্রিয়তা ও তরুণদের আগ্রহের কথা তুলে ধরে তিনি আরও জানান, সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসার অপরিহার্য। খেলাধুলায় সম্পৃক্ত রাখলে তরুণদের মাদকাসক্তিসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব।
স্বাস্থ্যসম্মত নগরী গড়ার অংশ হিসেবে চসিক নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন প্রশাসক।
চট্টগ্রামে ফরাসি ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে আলিয়ঁস ফ্রঁসেজের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে সহযোগিতার আশা প্রকাশ করেন।
আমন্ত্রণকে স্বাগত জানিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ বলেন, এটি অত্যন্ত সম্মানজনক একটি আমন্ত্রণ। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।
আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী বলেন, চট্টগ্রামের তরুণদের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয় এবং কিলিয়ান এমবাপ্পে তরুণ ফুটবলপ্রেমীদের কাছে অন্যতম আদর্শ খেলোয়াড়। তাঁর সম্ভাব্য সফর এ অঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ফ্রান্সের বিনিয়োগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ফ্রান্স সরকারের ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর মাধ্যমে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় চলমান বৃহৎ বিনিয়োগের প্রসঙ্গ উঠে আসে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই বিনিয়োগের ফলে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার টেকসই সমাধান আসবে এবং বাংলাদেশ-ফ্রান্স উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে।
পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ততায় কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


