চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে কেটে রাখা পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীরের ৬০ শতক (দেড়খানি) জমির ফসল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর জানান, জমির খাজনা ও চাষাবাদের জন্য তিনি প্রায় লক্ষাধিক টাকা ঋণ করেছিলেন। বৃষ্টির কারণে পাকা ধান কেটে ঘরে তোলার আগে রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছিল।
কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সেই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। নিমিষেই সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় কীভাবে লক্ষাধিক টাকার ঋণ শোধ করবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ সেজু বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ধানের স্তূপে আগুন লাগার খবর পান তাঁরা।
ঋণ নিয়ে চাষ করা ফসল ঘরে তোলার আগেই এভাবে শেষ হয়ে যাওয়ায় পরিবারটি এখন একেবারেই অসহায় ও দিশেহারা। এ অবস্থায় তিনি প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।
এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রক্সি ঘোষ।
তিনি বলেন, একজন কৃষকের কষ্টার্জিত ফসল এভাবে পুড়িয়ে দেওয়া অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক কাজ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে তিনি সংসদ সদস্য সরোয়ার আলমগীর ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আইনগত পদক্ষেপ প্রসঙ্গে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে মামলা দায়েরের সাপেক্ষে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


