back to top

কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে ‘বলি’ (২৫) নামের এক যুবককে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বাসিন্দা বদিউজ্জামানের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সোমবার ভোরে বোনের অসুস্থ সন্তানকে দেখতে যায় বলি। সেখান থেকে ফেরার পথে ওঁৎ পেতে থাকা ১৫–২০ জন কিশোর গ্যাং সদস্য তাকে লক্ষ্য করে হামলা চালায়।

প্রথমে সিএনজি অটোরিকশার ভেতরেই তাকে কোপ দেওয়া হয়। পরে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরিবারের দাবি—পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বলিকে হত্যা করা হয়েছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী আব্দুল মোতালেব অভিযোগ করেন, সকালে তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চৌমুহনী বাজারে যাওয়ার পথে বলি ও তার সহযোগীরা তাকে সিএনজি থেকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।

পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বলিকে গণপিটুনি দিলে সে মারা যায়। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ এবং বলির আড্ডাখানায় হামলা চালায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, নিহত বলির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ ৫–৭টি মামলা রয়েছে।

এলাকায় তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনগণের ক্ষোভের ফলেই গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।