গভীর নলকূপে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
সরেজমিনে দেখা যায়, শোকে স্তব্ধ পুরো গ্রাম, প্রতিবেশীর কান্নায় সকাল থেকেই ভারী হয়ে ওঠে এলাকার বাতাস।
মসজিদের মাইকে বারবার ভেসে আসতে থাকে সেই ঘোষণা—‘কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে’।
এদিন মসজিদের ঘোষণা শুনে থেমে যায় সব কাজকর্ম। হাজার হাজার মানুষ অংশ নেয় সাজিদের জানাজা নামাজে।
জানাজার নামাজের ইমাতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। হাজারো কণ্ঠে দোয়া অনুষ্ঠিত হলো।
সবাই সাজিদের মাগফিরাতের জন্য দোয়া করেন। একইসঙ্গে এ দোয়াও করেন, যেন তার পরিবারকে আল্লাহ ধ্যর্য ধরার তৌফিক দান করেন।
গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ।
ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর তাকে উদ্ধার করে। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।



