চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) লক্ষীছড়ি জোনের অধীন গুইমারা রিজিয়নের ফটিকছড়ি আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে ধর্মপুর এলাকার দুটি পৃথক স্থানে একযোগে অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ২টি শটগান, ১টি পিস্তল, ১টি এয়ারগান, ১টি ডামি পিস্তল, বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৫টি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং প্রায় ৪ লিটার দেশীয় মদ।
আটককৃতরা হলেন মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬)। তারা উভয়েই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।



