back to top

আনোয়ারায় ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:৫১

সিটিজি নিউজ টুডে : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্র প্রাঙ্গণে গিয়ে সিসি ক্যামেরা না দেখে বিষয়টি প্রথম নজরে আসে।

পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, রাতের কোনো একসময় পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো খুলে নেওয়া হয়েছে।

ভোটের ঠিক আগে এমন ঘটনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রটিতে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়।

সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির এক দায়িত্বশীল ব্যক্তি বলেন, ভোটের ঠিক আগের রাতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, ভোটের দিন বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে সিসি ক্যামেরা সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাশাপাশি অবিলম্বে নতুন সিসি ক্যামেরা স্থাপন ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, খবর পাওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি