back to top

আনোয়ারায় সাড়ে ৮ লাখ টাকার ইয়াবা নিয়ে ধরা জামাই-শ্বশুর

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৩:০০

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের ২ হাজার ৮শ ৩৫ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুরকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খোদ্দগহিরা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- খোদ্দগহিরা এলাকার বাসিন্দা মো. মনির (৪০) ও মো. নুরুন্নবী (৫৫)।

আনোয়ারা থানা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারির সদস্যদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ৩ নম্বর রায়পুর ইউনিয়নের খোদ্দগহিরা এলাকায় নুরুন্নবীর বসতঘরের সামনে উঠানে অবৈধ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটক দুইজনের দেহ তল্লাশি চালিয়ে মো. মনিরের প্যান্টের পকেট থেকে ২ হাজার পিস ইয়াবা এবং মো. নুরুন্নবীর লুঙ্গির কোমর থেকে আরও ৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। জামাই শশুর মিলে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’