দেশজুড়ে ডেস্ক : কুমিল্লার হোমনায় স্ত্রী-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যার ঘটনার দুদিন পর মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সৌদি প্রবাসী মো. জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি সকালে জয়নুদ্দিন মুন্সীর বাড়িতে সৌদি প্রবাসী মো. জহিরুল ইসলামের স্ত্রী সুকিয়া বেগম (৪০), তার চার বছরের ছেলে মোহাম্মদ হোসাইন এবং পাঁচ বছরের ভাতিজা মোহাম্মদ জোবায়রকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ওইদিন সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে তাদের মনিপুর শাহী ঈদগাহ সংলগ্ন স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
মামলার বাদী সৌদি প্রবাসী জহিরুল ইসলাম বলেন, তার স্ত্রী, ছোট শিশু সন্তান ও ভাতিজাকে যারা এভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এদিকে একই পরিবারের তিনজন হত্যার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছেন, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
এ নিয়ে কয়েকটি টিম কাজ করছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



