দেশজুড়ে ডেস্ক : দাবি আদায় বা আন্দোলনের অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করা কিংবা জনভোগান্তি সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের জানান, জনগণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হয় এমন কোনো কর্মসূচি পরিচালনার সুযোগ নেই।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে।
বিগত দেড় বছরের অস্থিরতা ও পরবর্তী ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি কাটিয়ে ওঠার কথা উল্লেখ করে র্যাব ডিজি বলেন, দেশবাসীকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে পরিস্থিতি এখন ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে।
জুলাই-আগস্ট পরবর্তী কঠিন সময়গুলো সফলভাবে মোকাবিলা করার পর এখন বাহিনীটির মূল লক্ষ্য দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করা।
অপরাধী যে-ই হোক, জনগণের জানমালের নিরাপত্তায় র্যাব সদা সজাগ থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


