সিটিজি নিউজ টুডে : সীতাকুণ্ডের শীতলপুর এলাকার আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান একেএস স্টিল কারখানাতে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল স্ক্র্যাপ লোহা ও রড লুটের উদ্দ্যেশে হামলা চালায়।
এসময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী ক্ষতেন ত্রিপুরা ও অফিস স্টাফ আবদুল মোতালেবসহ কয়েকজনকে শ্রমিককে পিটিয়ে আহত করা হয়।
বৃহস্পতিবার রাত ১টার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
এসময় ডাকাতরা হামলা চালিয়ে কারখানার গেইট ও অফিস ভাংচুর করে। তবে কারখানার নৈশপ্রহরীরা মাইকে ডাকাত প্রতিরোধের আহবান জানালে স্থানীয় বাসিন্দারা (নারী-পুরুষ) এগিয়ে আসলে ডাকাতরা পিছু হটে।
আহত ক্ষতেন ত্রিপুরা ও আবদুল মোতালেব বলেন, সংঘবদ্ধ একটি ডাকাত দল গেইট ও অফিস ভেঙে লুটপাট শুরু করে।
এসময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। ডাকাতের হামলায় তারাসহ কারখানার কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
আবুল খায়ের গ্রুপের ডিজিএম ও এইচআর এডমিনের ইনচার্জ ইমরুল কাদের ভূঁইয়া মুঠোফোনে বলেন, ২৫ থেকে ৩০ জনের সংঘবদ্ধ অস্ত্রধারী একটি ডাকাত দল কারখানায় এসে লুটপাটের চেষ্টা চালায়।
এসময় মিলের শ্রমিকরা এলাকাবাসীর ডাকাত প্রতিরোধে সহযোগীতা চাইলে এলাকাবাসী এগিয়ে আসে।
পরে ডাকাতরা পিছু হটে। ঘটনাটি সীতাকুণ্ড থানার পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ওখানে মিলের অনেক শ্রমিক ছিলো।
দেখা গেছে স্থানীয় এলাকার ২০০-২৫০ নারী-পুরুষও। ঘটনা কি এখনো বুঝলাম না। গোলাগুলি হয়নি ফটকা ফাটিয়েছে।
তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারীরা কারখানায় পাথর নিক্ষেপ করতে করতে পিছু হটতে দেখেছেন।
কারখানা কর্তৃপক্ষ এখনো কোন অভিযোগ দেয়নি। তবে কারখানা কতৃপক্ষ ইফতারের পর থানায় আসবে বলল। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



