back to top

জুলাই না থাকলে সরকার-নির্বাচন কিছুরই অস্তিত্ব থাকবে না

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬ ০৯:৪০

রাজনীতি ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই শহিদদের আত্মত্যাগের সঙ্গে কেউ বেঈমানি করতে চাইলে তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, প্রয়োজনে জীবন দিয়ে হলেও জুলাই অভ্যুত্থানের চেতনা হারিয়ে যেতে দেওয়া হবে না।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই যদি না থাকে, তাহলে যমুনা, নির্বাচন কিংবা সরকার—কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না।’ তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন দলের প্রতিনিধি ও খেলাফত মজলিসের শীর্ষ নেতারা এতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ।

এদিকে, অনুষ্ঠানে এনসিপির নেতা সারজিস আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি