সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর বাজারে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামা-কাপড়ের বাজার সহনীয় রাখতে উপজেলার পৌরসদর এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ক্রয়মূল্যের তুলনায় অতিরিক্ত দামে পোশাক বিক্রি করা এবং কাপড় ক্রয়ের সুনির্দিষ্ট তথ্য ও রশিদ প্রদর্শন করতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ‘ক্ল্যাসিক কালেকশান’ নামে একটি দোকানকে ৪০ হাজার টাকা এবং ‘পোশাক বাজার’ নামে অপর একটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, ঈদকে সামনে রেখে বাজারে অতিরিক্ত মূল্য আদায় রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে সীতাকুণ্ড মডেল থানার একদশ পুলিশ সহযোগিতা করেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


