back to top

ঈদের ছুটিতেও থেমে ছিলো না চট্টগ্রাম বন্দর

৭ দিনে ৫৫ হাজার টিইউএস কনটেইনার হ্যান্ডলিং

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ০৭:২৪

অর্থনীতি ডেস্ক : ঈদের ছুটির মধ্যেও দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করে নিরবচ্ছিন্ন পণ্য খালাস ও জাহাজ হ্যান্ডলিং অব্যাহত রেখেছে।

বন্দর সূত্রে জানা যায়, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনে মোট ৫৪ হাজার ৮৯৮ টিইইউস (২০ ফুট কনটেইনার হিসেবে) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।

এর মধ্যে আমদানি পণ্যের পরিমাণ ছিল ২৮ হাজার ৯৬১ টিইইউস এবং রপ্তানি পণ্যের পরিমাণ ২৫ হাজার ৯৩৭ টিইইউস। এ সময়ের মধ্যে ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ১১ হাজার ৮৬১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়।

একই সময়ে বন্দরে মোট ২৫ লাখ ৮ হাজার ৬১৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি পণ্য ছিল ২৩ লাখ ৬১ হাজার ৭৮৬ মেট্রিক টন এবং রপ্তানি পণ্য ১ লাখ ৪৬ হাজার ৮২৮ মেট্রিক টন। ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৪ লাখ ৩৪ হাজার ৪৩৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়ে।

এ সপ্তাহে মোট ৬৪টি জাহাজ বন্দরে বার্থিং ও হ্যান্ডলিং করা হয়েছে। ১৯ মার্চ সর্বোচ্চ ১৪টি জাহাজ পরিচালনা করা হয়। ঈদের ছুটির মধ্যে ২১ মার্চ কার্যক্রম কিছুটা ধীর থাকলেও ২২ ও ২৩ মার্চ আবারও কার্যক্রমে গতি ফিরে আসে এবং ২৩ মার্চ ১২টি জাহাজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে বন্দর পূর্ণ গতিতে ফিরে আসে।

বর্তমানে বন্দরের কনটেইনার ধারণক্ষমতা ৫৯ হাজার টিইইউসের বিপরীতে অবস্থান করছে ৪৩ হাজার ২০০ টিইইউস। এর মধ্যে ৩৬ হাজার ২৫৩ টিইইউস পূর্ণ কনটেইনার, ২ হাজার ৬৫৪ টিইইউস ডিপো কনটেইনার এবং ১ হাজার ৬৫২ টিইইউস খালি কনটেইনার রয়েছে।

এছাড়া আইসিডি কমলাপুরগামী ৫১২ টিইইউস কনটেইনার বন্দরে অবস্থান করছে। পণ্য খালাস কার্যক্রমও সচল রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮১ টিইইউস কনটেইনার ডেলিভারি দেওয়া হয়েছে এবং আরও ৫২৫ টিইইউস ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে।

আজ বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এসব তথ্য জানান।

তিনি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কর্মবিরতি ও জাহাজের আগমনের চাপ বাড়ায় জাহাজের অপেক্ষমাণ সময় ২-৩ দিনে পৌঁছেছিল।

তবে বর্তমানে সার্বিক মনিটরিং ও সমন্বয়ের মাধ্যমে আউটার অ্যাঙ্করেজে জাহাজের অপেক্ষমাণ সময় আবার শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা বন্দরের কার্যক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি