সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর ব্যস্ততম দুই নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল পৌণে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তিনি বলেন, এ মুহূর্তে আগুনের বিস্তৃতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শপিং কমপ্লেক্সটির দ্বিতীয় তলায় থাকা একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফায়ার সার্ভিস। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্তের প্রয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অগ্নিকাণ্ডের সময় শপিং কমপ্লেক্সে ব্যবসায়ী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আগুনের খবর ছড়িয়ে পড়তেই দ্রুত সবাই ভবন থেকে বের হয়ে আসেন। এতে বড় ধরনের হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ঘটনার পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও প্রাথমিক সহায়তা নিয়ে আগুন নেভানোর কাজে সহায়তা করার চেষ্টা করেন।
চিটাগং শপিং কমপ্লেক্সটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে গুদামে থাকা পণ্যসামগ্রী পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ, আগুনের কারণ এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



