back to top

পরীক্ষা শুরুর আগেই নিভল চবি শিক্ষার্থীর প্রাণ: ক্যাম্পাসে শোকের ছায়া

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১১:০৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।

রোববার (১২ এপ্রিল) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সহপাঠীদের সূত্রে জানা গেছে, আজ সকালে জীবক চাকমা হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে দ্রুত তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী বলেন, “আজ সকাল বেলা এই শিক্ষার্থীকে মেডিক্যালে আনা হয়। সে স্ট্রোক করতে পারে বলে আমরা ধারণা করেছি। তখন তার কোনো জ্ঞান ছিল না।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এই শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে বলে জানতে পেরেছি।”

জীবক চাকমার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও সংশ্লিষ্ট বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। নৃবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী রাঙামাটির নানিয়ারচর উপজেলার বাসিন্দা রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার সন্তান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক এবং নৃবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ড. আনোয়ার হোসেন বলেন, “তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল।

আগামী ১৬ এপ্রিল থেকে তার পরীক্ষা হওয়ার কথা ছিল। এই অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “আজকে সকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তার বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন—আমরা এমনটাই জানতে পেরেছি।”

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এসপি