মে দিবসের ছুটিতে ঘুরতে এসে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সাগরে ডুবে মারা গেছেন এক কলেজছাত্র।
তাঁর নাম মেহেরাজ হোসেন (১৯)। তিনি চট্টগ্রাম এমইএস কলেজের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তাঁকে বাঁচাতে সাগরে ঝাঁপ দেওয়া তাঁর বন্ধু সাব্বিরকে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া সাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেরাজ চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ী গাজী ডিপো বাই লেন এলাকার অস্থায়ী বাসিন্দা মো. মোশারফ আলীর ছেলে। তাঁদের গ্রামের বাড়ি রাজশাহীর আমতলী থানা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও বাঁশবাড়িয়া আকিলপুর এলাকার বাসিন্দা মো. আনোয়ার জানান, দুই বন্ধু সমুদ্রসৈকতে ঘুরছিলেন। একপর্যায়ে মেহেরাজ সাগরের পানিতে নামেন। তখন প্রবল ঢেউয়ের ধাক্কায় তিনি তলিয়ে যান।
বন্ধুকে ডুবে যেতে দেখে সাব্বির তাঁকে উদ্ধারে সাগরে ঝাঁপ দেন। কিন্তু মেহেরাজকে খুঁজে পাওয়া যায়নি।
পরে সাব্বিরও স্রোতে ভেসে যাওয়ার উপক্রম হলে স্থানীয় জেলেরা একটি লাল নৌকা নিয়ে দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
এরপর প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর মেহেরাজকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে পানিতে নেমে সাঁতার না জানার কারণে মেহেরাজ ডুবে যান।
পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



