back to top

চার মাসের অন্তঃসত্ত্বা তাসরিনের মৃত্যুতে হাটহাজারীতে চাঞ্চল্য

প্রকাশিত: ০৮ মে, ২০২৬ ১৬:৩৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পারিবারিক কলহের জেরে তাসরিন আক্তার (২৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ওবায়দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ ঘরের ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। তিনি একই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী। প্রায় চার বছর আগে তাঁদের বিয়ে হয়।

নিহতের বাবার বাড়ি পার্শ্ববর্তী রাউজান উপজেলার গহিরা এলাকায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত্যুকালে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের মা অভিযোগ করে বলেন, শাশুড়ি ও ননদের মানসিক নির্যাতনের কারণে তাসরিন আক্তার আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

ঘটনার পর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি