back to top

স্ত্রীর ডাকেও খুলেননি দরজা, পরে ঝুলন্ত মরদেহ মিলল পুলিশ কর্মকর্তার

প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ১৪:০২

রাঙামাটির তবলছড়ি এলাকায় নিজ বাসা থেকে মো. সাজেদুল হক নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন সহকর্মী ও সংশ্লিষ্টরা।

নিহত মো. সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন।

পরে স্ত্রী বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ১টার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন।

রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, “পারিবারিক কলহের কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি