চট্টগ্রামে অপহরণের শিকার এক প্রকৌশলীকে ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র্যাব-৭।
রোববার বিকেলে নগরের বন্দর থানার রেলওয়ে একাডেমির ডেবারপাড় জঙ্গল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. মনিরুল হক। তিনি কাতারপ্রবাসী প্রকৌশলী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থী।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার মো. মনিরুল হককে অপহরণ করা হয়। খবর পাওয়ার পরপরই র্যাব-৭ অভিযান শুরু করে।
একপর্যায়ে নগরের বন্দর থানার রেলওয়ে একাডেমির ডেবারপাড় জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে অপহৃত প্রকৌশলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
একই সময়ে অপহরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, অপহরণের ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

