কোতোয়ালীতে পুলিশের অভিযানে ধরা পড়লেন দণ্ডপ্রাপ্ত দুই আসামি

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬ ২০:২৪

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন কোতোয়ালী থানাধীন ওসমানিয়া লেনের মৃত আমিরুজ্জামানের ছেলে মো. ফজলুল করিম এবং নন্দনকানন ১ নম্বর গলির মোহাম্মদ আব্দুল মালেক।

পুলিশ জানায়, আদালতের জারি করা সাজা পরোয়ানা কার্যকর করতে কোতোয়ালী থানার পৃথক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, মো. ফজলুল করিম দুই মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি।

অন্যদিকে মোহাম্মদ আব্দুল মালেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুই আসামিকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি