মঞ্চের ক্যানভাসে নাট্যরস ছড়িয়ে দিতে এবং শিল্পমনস্কতার বিকাশ ঘটাতে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল নাট্য সংগঠন ‘বয়ান শিল্পাঙ্গন’।
প্রতিষ্ঠার পর থেকেই নাটক মঞ্চায়ন ও গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে এই সংগঠন।
সেই ধারাবাহিকতাকে কেবল ধরে রাখাই নয়, বরং থিয়েটারের আঙিনায় নতুন গতি ও প্রাণবায়ু সঞ্চার করতে ঘোষণা করা হয়েছে ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি।
১৫ সদস্যের এই নতুন কমিটির কাঁধে অর্পিত হয়েছে আগামী দুই বছর সংগঠনটির সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
নবগঠিত এই কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট নাট্য অভিনেতা সাজু বড়ুয়া। অন্যদিকে, নাট্য অঙ্গনের পরিচিত মুখ ও গুণী অভিনেত্রী মুক্তা সাহা সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের সারথি হয়েছেন।
নেতৃত্বের এই মেলবন্ধন নাট্যমঞ্চের অভিজ্ঞতা এবং সৃজনশীলতার এক অপূর্ব সংমিশ্রণ ঘটাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তরা
নাট্যচর্চার প্রতিটি বিভাগকে সুসংগঠিত ও আধুনিক করতে দায়িত্ব বণ্টন করা হয়েছে দক্ষ হাতের মুঠোয়। নতুন কমিটির সহ-সভাপতি জহির ইসলাম মামুন ও অনিক বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ মো. সাজিদ, তথ্য, যোগাযোগ, প্রযুক্তি ও প্রচার সম্পাদক. প্রান্ত ভৌমিক, পাঠ ও প্রকাশনা সম্পাদক অবন্তি বিশ্বাস, মঞ্চ ও রিহার্সাল কর্মশালা সম্পাদক রক্তিম বড়ুয়া, অর্থ বিষয়ক সম্পাদক, পার্থ সারথী দে, সহ অর্থ বিষয়ক সম্পাদক পলক বড়ুয়া।
এছাড়াও সংগঠনের সার্বিক কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন একঝাঁক সংস্কৃতিপ্রেমী মুখ। তারা হলেন, ফারহানা আক্তার, জান্নাতুল কবিতা, প্রিয়ন্তী দে, রিক্তা বড়ুয়া, ইয়াসমিন রেশমি, ত্রিধা পাল মান, রাইসা, প্রাণেশ দত্ত, সাজ্জাদ শাকিল এবং অভিলাষ মাহমুদ।
নতুন এই কমিটির প্রতি গভীর আস্থা প্রকাশ করে বিদায়ী সাধারণ সম্পাদক ও পরিচালক সায়েম উদ্দীন শুভেচ্ছা জানিয়েছেন।
সংগঠনকে আরও বহু দূর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আগামী দুই বছরে নিয়মিত পাঠচক্র, নিবিড় নাট্য কর্মশালা, মানসম্মত প্রকাশনা, নিয়মিত মহড়া এবং নিয়মিত নাটক মঞ্চায়নের মাধ্যমে আমাদের কার্যক্রমের পরিধি কেবল শহরে নয়, ছড়িয়ে পড়বে সর্বত্র।
নতুন নেতৃত্বের হাত ধরে ‘বয়ান শিল্পাঙ্গন’ এক নতুন উচ্চতায় পৌঁছাবে, এটাই আমাদের বিশ্বাস।
মঞ্চনাটকের চিরায়ত ঐতিহ্যকে লালন করে আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে ‘বয়ান শিল্পাঙ্গন’ তাদের এই নতুন যাত্রায় সংস্কৃতিপ্রেমীদের মন জয় করতে সম্পূর্ণ প্রস্তুত।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

