রাউজানে সড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন বিনাজুরীর সাবেক ইউপি সদস্য টিটু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৯

চট্টগ্রামের রাউজানে বেপরোয়া ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫০) নামের বিনাজুরী ইউনিয়নের এক সাবেক ইউপি সদস্য মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ঠিক ১২টার দিকে উপজেলার ব্যস্ততম চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক সড়কের ‘জলিল নগর’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম টিটু রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সফল সদস্য (মেম্বার) ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পথচারীদের সূত্রে জানা যায়, দুপুরে জলিল নগর এলাকায় দৈনন্দিন কাজে সড়ক পার হচ্ছিলেন নুরুল ইসলাম। এ সময় দ্রুতগতিতে আসা একটি ঘাতক ট্রাক তাকে সজোরে চাপা দিয়ে চলে যায়। ট্রাকের ভারী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।

আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার প্রাণপ্রদীপ নিভে যায়। চোখের সামনে একজন পরিচিত ও প্রিয় মানুষের এমন আকস্মিক পরিণতিতে পুরো এলাকায় শোকের মাতম নেমে আসে।

ঘটনার সতত্যা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, মরদেহ উদ্ধারসহ পরবর্তী যাবতীয় আইনি প্রক্রিয়া এবং ঘাতক ট্রাকটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কাজ সম্পন্ন করছে দায়িত্বপ্রাপ্ত হাইওয়ে থানা পুলিশ।

উপজেলার পরিচিত এই সাবেক জনপ্রতিনিধির মর্মান্তিক প্রয়াণে বিনাজুরী ইউনিয়নসহ পুরো রাউজানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের দাবি, মহাসড়কে প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত গতিতে যানবাহন চলাচলের কারণেই ঝরে যাচ্ছে একের পর এক তাজা প্রাণ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি