বউ-শাশুড়ির দ্বন্দ্ব মেটাতে গিয়ে প্রতিবেশী যুবক রাশেদের মৃত্যু

মধ্যস্থতা করাই যেন কাল হলো-অভিযুক্ত জমিলা আক্তার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৯

একটি পারিবারিক কলহ শেষ পর্যন্ত গড়াল এক নিষ্পাপ জীবনের করুণ বিয়োগান্তে। অন্যের ঘরের বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মো. রাশেদ (৩৫) নামের এক যুবক।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব জলদি এলাকায়।

মঙ্গলবার বিকেলে পূর্ব জলদি এলাকার মো. আব্দুল্লাহর স্ত্রী জমিলা আক্তারের সঙ্গে তার শাশুড়ি হোসেনে আরার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

ঝগড়া একপর্যায়ে উত্তপ্ত রূপ নিলে চিৎকার-চেঁচামেচি শুনে পাশের বাড়ি থেকে ছুটে যান প্রতিবেশী যুবক মো. রাশেদ (নুরুল আলমের ছেলে)।

প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি দুপক্ষের ঝামেলা মিটিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন।

কিন্তু কে জানত, এই সহানুভূতি ও মধ্যস্থতাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে!

ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গৃহবধূ জমিলা আক্তার একটি ভারী লাঠি দিয়ে রাশেদের মাথায় প্রচণ্ড আঘাত করেন। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাশেদকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, পারিবারিক কলহ থামাতে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত জমিলা আক্তারকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সামান্য পারিবারিক ক্ষোভ ও ঝগড়ার জেরে এক মধ্যস্থতাকারী যুবকের এই অকাল মৃত্যুতে পুরো পূর্ব জলদি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশীরা হতবাক-অন্যের মধ্যকার ঝামেলা মিটাতে গিয়ে কেন এমন জীবন দিতে হলো এক উদীয়মান যুবককে!

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি