বন বিভাগে যাঁদের কোনো তদবিরকারী ‘মামা-খালু’ কিংবা কোটি টাকার জোর নেই, সৎভাবে দায়িত্ব পালন করেও বছরের পর বছর অবহেলিত ও দুর্গম এলাকায় পড়ে থাকাই যেন তাঁদের একমাত্র নিয়তি।
অথচ এই চিত্রের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া।
চট্টগ্রাম অঞ্চলে একের পর এক লোভনীয় ও আকর্ষণীয় ‘প্রাইজ পোস্টিং’ বাগিয়ে নেওয়া এই কর্মকর্তার খুঁটির জোর কোথায়-তা নিয়ে দপ্তরটির সাধারণ ও বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, অভিজিত বড়ুয়া চট্টগ্রাম অঞ্চলের আকর্ষণীয় কর্মস্থলগুলোতে বহাল তবিয়তে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ‘ম্যানেজ’ করে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন।
পদায়নের নেপথ্যে অর্থ ও প্রভাবের খেলা
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিজিতের এই একচ্ছত্র আধিপত্যের সূচনা হয়েছিল চট্টগ্রাম অঞ্চলের তৎকালীন বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের আমলে। সে সময় তাঁকে বান্দরবানের পাল্পউড প্লান্টেশন বিভাগে পদায়ন করা হয়।
অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে তৎকালীন বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) নানামুখী চাপ প্রয়োগ ও মোটা অঙ্কের ঘুষ দিয়ে ফরেস্টার পদে থাকা অবস্থাতেই তিনি একসঙ্গে সদর ও চেমী রেঞ্জের দায়িত্ব কবজা করে নেন।
ভুয়া ‘জোত পারমিট’ ও কাঠ পাচারের সিন্ডিকেট
বান্দরবানের পাল্পউড প্লান্টেশন বিভাগের সদর ও চেমী রেঞ্জে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে অভিজিতের বিরুদ্ধে একটি বিশাল জালিয়াতি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ ওঠে।
অনুসন্ধানে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভুয়া ‘এ’ ফরম বের করে গাছপালাহীন বাগান এলাকায় স্থানীয় পাহাড়িদের নামে সাজানো জোত পারমিট দেখিয়ে ভুয়া ‘ডি’ ফরম তৈরি করা হতো।
পরবর্তী সময়ে এর বিপরীতে মনগড়া চলাচল পাস বা টিপি (ট্রানজিট পাস) ইস্যু করে সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান কাঠ নির্বিচারে কেটে ঢাকায় পাচারের নিরাপদ রুট তৈরি করে দিতেন তিনি।
অভিযোগ আছে, এই অবৈধ সুযোগ করে দেওয়ার বিনিময়ে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে বস্তাভর্তি টাকা আদায় করা হতো। আর সেই অবৈধ উপার্জনের ভাগ কাঠের ‘ঘনফুটের’ হিসাবে নিয়মিত ঊর্ধ্বতন মহলে পাঠিয়ে তাঁদের তুষ্ট রাখা হতো। সূত্র-ডিএস
এভাবে প্রায় শতাধিক অবৈধ ‘টেবিল জোত পারমিট’ ইস্যু করে তিনি নিজে যেমন কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তেমনি সরকারি ও সংরক্ষিত বিশাল বনাঞ্চলকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন।
প্রচলিত বদলির রীতিকে বৃদ্ধাঙ্গুলি
বন বিভাগের প্রচলিত রীতি অনুযায়ী, বান্দরবান ও পাল্পউড প্লান্টেশন বিভাগে দায়িত্ব পালনের পর একজন কর্মকর্তার কক্সবাজার উত্তর বা দক্ষিণ বন বিভাগ কিংবা উপকূলীয় বন বিভাগে বদলি হওয়ার কথা।
কিন্তু ঊর্ধ্বতন মহলের বিশেষ সুনজরে থাকায় সাবেক বন সংরক্ষক তাঁকে চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় কর্মস্থল বন ব্যবহারিক বিভাগের ‘বন ব্যবহারিক’ রেঞ্জে পদায়ন করেন। সেখানেও একটানা দুই বছরের বেশি সময় লোভনীয় এই ‘প্রাইজ পোস্টিং’ ভোগ করেন তিনি।
সর্বশেষ গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে বর্তমান বন সংরক্ষক মিহির কুমার দো স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে চট্টগ্রাম উত্তর বন বিভাগে পদায়ন করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাছে এই বিভাগটিও অত্যন্ত আকর্ষণীয় ও লোভনীয় কর্মস্থল হিসেবে পরিচিত।
রাজনৈতিক প্রভাব ও বিতর্কিত অতীত
অভিজিত কুমার বড়ুয়ার বিরুদ্ধে সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও বেশ পুরোনো। ২০১২-২০১৩ সালের দিকে চট্টগ্রামের পোমরা বিট, পোমরা চেক স্টেশন ও পোমরা নার্সারিতে একটানা প্রায় তিন বছর দায়িত্ব পালনকালে তিনি চট্টগ্রাম প্রেসক্লাবে গণজাগরণ মঞ্চের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন এবং বিএনপি-জামায়াতবিরোধী স্লোগান দিতেন বলে অভিযোগ রয়েছে।
একজন সরকারি কর্মচারীর এমন প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ চাকরির শৃঙ্খলার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল, তা নিয়ে দপ্তরের ভেতরেই প্রশ্ন উঠেছে।
এ ছাড়া তাঁর চাচা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অভিযোগ রয়েছে, এই পারিবারিক পরিচয়ের পাশাপাশি তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ড. হাছান মাহমুদ এবং বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের নাম ব্যবহার করে তিনি দপ্তরে এক ধরনের ভীতিকর ও প্রভাবশালী অবস্থান তৈরি করেছিলেন।
বঞ্চিতদের দীর্ঘশ্বাস
তদবির ও অর্থের জোরে অভিজিত বড়ুয়ার এমন ধারাবাহিক সুবিধাজনক পদায়নের বিপরীতে প্রভাবশালী খুঁটির জোর না থাকা সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা আক্ষেপ করে বলেন, অভিজিত বড়ুয়ারা সব সময় এমন ভালো ভালো পোস্টিং ভোগ করবেন আর বহাল তবিয়তে থাকবেন। কারণ, তাঁদের রয়েছে টাকার ক্ষমতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ আনুকূল্য; যা সাধারণ ও সৎ কর্মচারীদের কপালে কখনোই জোটে না।
বন বিভাগের অভ্যন্তরীণ এই বৈষম্য এবং সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা।
এসব অভিযোগের বিষয়ে ডেপুটি রেঞ্জার (সরকারি ওয়েভসাইটের তালিকা অনুযায়ী বর্তমানে বন ব্যবহারিক রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়ার মুঠোফোনে যোগাযোগ করেও তার সাড়া না পেয়ে হোয়াটসঅ্যাপের ক্ষুধে বার্তা পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কোন মন্তব্য করেননি। পরবর্তীতে তার বক্তব্য পেলে প্রতিবেদনে যথাযতভাবে যুক্ত করা হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


