চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এই ব্যবসায়ীকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আটটার দিকে নগরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে পাঁচলাইশ থানায় নেওয়া হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এসব পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বেসরকারি ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার দায়ের করা পাঁচটি চেক প্রত্যাখ্যানের (চেক ডিজঅনার) মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মোহাম্মদ মহসিনকে মোট পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা পাওনা দাবিতে করা ওই পাঁচ মামলার প্রতিটিতে তাঁকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
রায়ের দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ ঋণখেলাপির কারণে সাম্প্রতিক বছরগুলোতে বারবার আলোচনায় এসেছে সাদ-মুসা গ্রুপ। ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির একটি মামলায় মোহাম্মদ মহসিন ও তাঁর স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।
সে সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপি হওয়ার তথ্য সামনে আসে।
ঋণখেলাপির পাশাপাশি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলারও আসামি এই ব্যবসায়ী।
ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে এবং প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের মার্চে মহসিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।
১৯৯৪ সালে মোহাম্মদ মহসিনের হাত ধরে সাদ-মুসা গ্রুপের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে দেশের পোশাক ও বস্ত্রশিল্পের বিভিন্ন খাতে দ্রুত ব্যবসা সম্প্রসারণ করে চট্টগ্রামভিত্তিক এই শিল্পগোষ্ঠীটি।
একসময়ের দাপুটে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান ও অর্থ আত্মসাতের একের পর এক মামলায় জড়িয়ে বড় ধরনের সংকটে পড়ে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


