back to top

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০৭:৩২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরীর বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হেমন্ত হেডম্যান পাড়ার চোংড়াগোপা এলাকার বাসিন্দা অরুন বিকাশ রোয়াজা এর ছেলে রনি বিকাশ ত্রিপুরা (৩২), গোমতি ইউনিয়নের উদয় কুমার পাড়ার বাসিন্দা আনি রঞ্জন ত্রিপুরার ছেলে ডেটল বাবু ত্রিপুরা (১৯) ও রিমন ত্রিপুরা (২২)। পলাতক আসামি হলেন সুমন ত্রিপুরা (১৯)।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভিক্টিমের জন্য প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ গ্রহণে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে। বাকি অভিযুক্তকেও ধরা হবে।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ভিক্টিম কিশোরী স্থানীয় অযোদ্ধা কালী মন্দিরে তার এক আত্মীয়ের সঙ্গে পূজা দেখতে যান।

ওই সময় স্থানীয় চার যুবক পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভিক্টিমকে ডেকে নিয়ে যান। তারপর কিছুটা দূরে নিয়ে ফুসলিয়ে কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে পুলিশের আশ্রয় নেওয়া হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার কালি মন্দিরে পূজাতে গিয়ে এক পাহাড়ি কিশোরী ধর্ষণের শিকার হয়।

অভিযোগ পেয়ে প্রথমে রনি বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে রিমন ত্রিপুরা (২২)কে গ্রেপ্তার করা হয়। পলাতক সুমন ত্রিপুরাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে জানালেন ওসি।