পাবনায় সদর উপজেলায় ট্রাকচাপায় তাসনিয়া ও তোহা নামের দুই স্কুল শিক্ষার্থীসহ তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।
রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাসনিয়া, তোহা ও ভ্যানচালক আকরামের বিস্তারিত ঠিকানা-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুই শিক্ষার্থী পাবনা জালালপুরের পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া নামক স্থান থেকে জালালপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে বাঁশবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি গাড়িকে বাঁচাতে ব্রেক করে।
আর এতেই ট্রাকটি ভ্যানের ওপরে উল্টে পড়ে এবং ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালকের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।


