রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন-শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. আব্দুল জলিল মিয়া (৫০), তার স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ (১৯), সাকিব (১৬), আসিফের স্ত্রী মনিরা (১৭), নাতনি ইভা (৬) ও ইশা (৬)।
তাদের হাসপাতালে নিয়ে আসা মেয়ে জামাই আফরান মিয়া জানান, আমার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আকস্মিক গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটে। এতে আমার শ্বশুরের পরিবারের ছয়জন দগ্ধ হয়।
পরে আমরা খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশীদ জানান, জলিলের ১২ শতাংশ, আরনেজার ১০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের হাত-পা দগ্ধ হয়েছে।
এ ছাড়া আট মাসের অন্তসত্বা এক নারীর হাত-পা দগ্ধ হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে গাইনি বিভাগে পাঠানো হয়েছে।
জলিল ও আরনেজা বেগমকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে ওয়ার্ডে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এই ঘটনায় প্রতিবেশী ফিরোজুল আলম (৩৫) ২১ শতাংশ দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নেওয়া জলিল মিয়ার মেয়ের জামাই মো. আরফান মিয়া জানান, রাতে টিনশেড বাসায় পাশাপাশি কক্ষে ঘুমিয়ে ছিলেন পরিবারের সাত সদস্য। ভোরের দিকে তার শাশুড়ি আরনেজা বেগম রান্না ঘরে রান্না করতে যান।
ম্যাচ জ্বালাতেই টিনশেড বাসায় বিকট বিস্ফোরণ হয়। এতে ওই সাতজনই দগ্ধ হন। তিনি ও তার স্ত্রী জনিভা আক্তার পাশের কক্ষে ছিলেন। তার দুই মেয়ে ইভা ও ইশা তার নানার কক্ষে ছিল। আসিফের স্ত্রী মনিরা আট মাসের অন্তসত্ত্বা।
তিনি জানান, চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেন। বাসায় গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।
দগ্ধ আসিফ জানান, আগারগাঁও সরকারি কোয়ার্টারের বাসায় তারা ভাড়া থাকেন। গত দেড়মাস ধরে ঘরে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বাড়িওয়ালাকে বারবার বললেও কোনো প্রতিকার মেলেনি।



