back to top

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজ এলাকায় ভোট দিলেন সালাহউদ্দিন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৩:২৪

রাজনীতি ডেস্ক : সকাল থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় কেন্দ্র প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

ভোটাধিকার প্রয়োগের আগে নির্বাচনী পরিবেশ ও সাম্প্রতিক কিছু অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি দাবি করেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এবং এ জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে।

কোনো দলের নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল অতিরিক্ত উচ্চাভিলাষে ভুগছে। তাদের মধ্যে যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়না কাজ করছে।

সেই লক্ষ্য পূরণে তারা অনৈতিক পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, কয়েকটি স্থানে সাজানো ঘটনা ঘটেছে এবং ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনাও সামনে এসেছে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শাস্তিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এসব ঘটনার নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চা টিকিয়ে রাখতে সব রাজনৈতিক দলকে নিয়ম-নীতি মেনে চলতে হবে। বাংলাদেশের জনগণ কোনো ধরনের অপসংস্কৃতি বা অনিয়ম মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। অতীতে যেমন প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও তেমনই করবে বলে তার বিশ্বাস।

ক্ষমতায় যাওয়ার বিকল্প বা ভিন্নপথের উচ্চাভিলাষ বাস্তবায়নে অনৈতিক কৌশল গ্রহণ করা হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা।

তবে ভোট প্রদান শেষে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। সকালেই তিনি কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে, কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে মোট ১৭৬টি ভোটকেন্দ্র রয়েছে।

ভোটার রয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি