back to top

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আলী আজগর গ্রেপ্তার

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৫৬

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আলী আজগর প্রকাশ টুটুলকে(৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলী আজগর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির মোহাম্মদ শামসুল আলমের ছেলে। বর্তমানে তিনি নগরীর বাকলিয়া থানার নোমান কলেজ রোড বাস্তুহারা এলাকায় বসবাস করতেন।

তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ)-এর ঘোষিত ‘নিষিদ্ধ ৩২৯ দুষ্কৃতকারী’ তালিকার ২৯৪ নম্বরে রয়েছেন বলে জানায় পুলিশ।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সিএমপি ঘোষিত তালিকার অন্তর্ভুক্ত মো. আলী আজগর প্রকাশ টুটুলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মারামারি, হত্যা চেষ্টা, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি