back to top

সাতকানিয়া মাটি খেকো ধরতে অভিযান, এস্কাভেটর ও ডাম্পার ট্রাক জব্দ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:০০

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলাজুড়ে মাটি খেকোদের তান্ডব রুখতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।

ধারাবাহিকতার অংশ হিসেবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালানো হয়।

তবে অভিযানের খবর পেয়ে কৃষিজমির মাটি কাটার সঙ্গে জড়িতরা কৌশলে পালিয়ে যায়। অভিযানের তথ্য মাটি খেকোদের কাছে পৌঁছানোর দায়ে এহছানুল কবির ও মো. আনোয়ার নামে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তাছাড়া ঘটনাস্থল থেকে একটি ডাম্পার ট্রাক ও এস্কেভেটর জব্দ করা হয় ও ৭টি এস্কেভেটর বিকল করে দেন যৌথবাহিনী।

বিশেষ এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামস্ উদ্দিনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি।

এসময় অভিযানের খবর ছড়িয়ে পড়লে মাটিখেকোরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর ও ডাম্প ট্রাক বিকলের পাশাপাশি জব্দও করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, জব্দকৃত এস্কেভেটর ডাম্পার ট্রাক আমাদের হেফাজতে রয়েছে।

অভিযানকালে তথ্য পাচারে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাহাড়, টিলা ও কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থানে রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি